রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে অবশেষে গ্রেফতার হলো উপজেলার কুখ্যাত মাদক বিক্রেতা সুলতান ও তার স্ত্রী রানুয়ারা। রবিবার গভীর রাতে উপজেলার চকছাতরী এলাকায় সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে ৫৭ পিচ ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেফতার করে। অপর দিকে সকালে ৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয় আবু সাইদ নামে এক যুবককে। এর মধ্যে সুলতানের নামে বাঘা থানায় চলমান ৫টি ও তার স্ত্রীর নামে দুইটি মাদক মামলা রয়েছে।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, উপজেলার চক ছাতারি গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে সুলতান হোসেন (৫০) ও তার স্ত্রী রানুয়ার (৪০) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তার নামে কেবল বাঘা থানায় রয়েছে ৫টি মাদকের মামলা। এ ছাড়াও তার স্ত্রী-নামে রয়েছে পৃথক আরো দুটি মামলা।
অভিযোগ রয়েছে, তারা বিগত সময়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সারাদেশে পুলিশের যে মাদকবিরোধী অভিযান তা থেকে রক্ষা পাননি তিনি। রবিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে বাঘা থানার পুলিশের একদল ফোর্স তার বাড়ি ঘেরাও করে ৫৭ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করে।
অপর দিকে সকালে নারায়নপুর গ্রাম থেকে আবু সাইদ নামের এক যুবককে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে পুলিশ। আবু সাইদের বাবার নাম সাহাত আলী বলে যানা গেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তাদের স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে থানায় আনা হয়। এরপর সোমবার সকালে আবু সাইদ নামে আরেকজন যুবককে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। প্রত্যেকের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজাতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
