গোপালগঞ্জে ডাকাতদলের ৩ সদস্য আটক

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৭:০৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন ডাকাতকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। এদের একজন গুলিবিদ্ধ হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ধুসর ব্রিজ এলাকা থেকে ডাকাত দলের ওই তিন সদস্যকে আটক করা হয়। এ সময় ডাকাত দলের আক্রমনে আহত হন আজিজুর নামের এক পুলিশ সদস্য। তিন ডাকাতকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং আহত পুলিশ সদস্যকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আটককৃত ডাকাত সদস্যরা হলো, ঝিনাইদহ জেলার ৩ নং পানির ট্যাংকিপাড়া এলাকার রজব আলীর ছেলে আবির হাসান মানিক (৩২), রাজবাড়ি জেলার শ্রীপুর থানার কাসেম মণ্ডলের ছেলে হান্নান মণ্ডল (৩০) ও রাজবাড়ি জেলার পাংশা থানার চর বিকরা গ্রামের খবির উল্লাহর ছেলে তোতা মণ্ডল চন্দন (৪৫)।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজিজুর রহমান জানান, আটক ডাকাতদল গাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ধুসর ব্রিজ এলাকায় গাছ কেটে রাস্ত বন্ধ করার চেষ্টা করছিল। এ সময় পুলিশের একটি টহল দল জানতে পেরে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। ডাকাত সদস্যদের আটক করার সময় এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ ও আজিজুর নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়।
 
ইত্তেফাক/নূহু