নবাবগঞ্জে জামায়াতের সাবেক আমির আটক

আপডেট : ০৫ জুন ২০১৮, ১০:৫০
দিনাজপুরের নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর থেকে সোমবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর জেলা তবিয়ত সেক্রেটারি সাবেক উপজেলা আমির আবুল কাশেম টাইগারকে আটক করা হয়েছে। আটক আবুল কাশেম টাইগার রংপুরের মিঠাপুকুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
 
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রায়হানুল কবীর রানা ও যূগ্ম-আহবায়ক শামসুজ্জামান সানু বলেন, আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ইফতার মাহফিলের আড়ালে নির্বাচনী আলোচনাসহ নাশকতার পরিকল্পনা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ওইদিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামী নেতা শাহিনুর রহমানের উদ্যোগে রঘুনাথপুর গ্রামের বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আটক জামায়াত নেতা আবুল কাশেম টাইগারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশ নেন। সেখানে ইফতার মাহফিলের আড়ালে নির্বাচনী আলোচনাসহ নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতের ওই নেতাকে আটক করে।
 
ইফতার মাহফিলের আয়োজক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামী নেতা শাহিনুর রহমান বলেন, নির্বাচনী আলোচনা সভা নয়, পারিবারিক আয়োজনে ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন আবুল কাশেম টাইগার। সেখান থেকে তাকে পুলিশ আটক করে নিয়ে গেছে। 
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জামায়াত নেতা আবুল কাশেম টাইগাকে আটকের কথা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে