রংপুরে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০৫ জুন ২০১৮, ১৩:১১
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে একদল মাদক ব্যবসায়ী হারাগাছ এলাকায় অবস্থান করছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম নিহত হন এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
 
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রবিউল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। তার নামে ১০টি মাদক আইনে মামলা রয়েছে। রবিউল ইসলামের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস