শ্রীবরদীতে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৫ জুন ২০১৮, ১৬:৩৬
শেরপুরের শ্রীবরদী উপজেলার খোশালপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে আঙ্গুরি বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে শ্রীবরদী থানা-পুলিশ এ লাশ উদ্ধার করে।
 
নিহত আঙ্গুরি বেগম উপজেলার খোশালপুর দক্ষিণপাড়া গ্রামের মো. হাইমদ্দিনের স্ত্রী। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও গ্রামের নাছিমউদ্দিনের মেয়ে।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে হাইমদ্দিনের সঙ্গে আঙ্গুরি বেগমের বিয়ে হয়। কিছুদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে স্বামী হাইমদ্দিনের সঙ্গে আঙ্গুরির পারিবারিক দ্বন্দ্ব চলছিল। গতকাল সোমবার রাতে আঙ্গুরির বাবার বাড়ির আত্মীয়-স্বজন জানতে পারেন, স্বামীর বাড়িতে তার (আঙ্গুরি) লাশ একটি খাটিয়ায় পড়ে রয়েছে এবং দাফনের জন্য প্রস্তুতি চলছে। পরে আত্মীয়-স্বজন আঙ্গুরির স্বামীর বাড়িতে আসেন এবং শ্রীবরদী থানা-পুলিশের সংবাদ দেন। শ্রীবরদীর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে সোমবার দিবাগত রাত একটার দিকে আঙ্গুরির লাশ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আঙ্গুরির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে পালিয়ে যান।
 
শ্রীবরদী থানার উপ-পরিদর্শক মো. জুলহাস উদ্দিন বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলার প্রস্তুতি চলছে। সুরতহাল প্রতিবেদনে আঙ্গুরির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে আঙ্গুরির লাশের ময়নাতদন্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
 
ইত্তেফাক/এসএস