নওগাঁয় ইজিবাইক চালক মনোয়ার হোসেন ওরফে টুটুল (১৬) নামের এক কিশোরকে খুন করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার সিংবাচা পশ্চিমপাড়া গ্রামের পাশে ভুট্টার ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মনোয়ার শহরের ভবানীপুর গ্রামের সিএনজি চালক রুবেল হোসেনের ছেলে।
মনোয়ারের বাবা রুবেল জানান, মনোয়ার ওই মহল্লার আজিজুল হকের একটি ইজিবাইক ভাড়ায় চালাতো। প্রতিদিনের মত সোমবার সকালে মনোয়ার ইজিবাইক নিয়ে বের হয়।এরপর সে রাতে আর বাড়ি ফেরেনি। তার ফোন বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করে রাতে তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সিংবাচা গ্রামে মৃতদেহ পাওয়ার খবর পেয়ে ছেলের লাশ শনাক্ত করেন তিনি। কিন্তু ইজিবাইক পাওয়া যায়নি।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে ইজিবাইকে উঠে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারপর ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
