দৌলতদিয়ায় নতুন দুটি ফেরি ঘাট চালু না হওয়ার আশঙ্কা

আপডেট : ০৫ জুন ২০১৮, ১৭:৩৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে আরো দুটি নতুন ঘাট চালুর কথা ছিল। এজন্য পন্টুন আনা হলেও লোকবল ও সরঞ্জামাদির অভাবে সহজে চালু করা যাচ্ছে না নতুন ঘাট দুটি। ফলে দুর্ভোগের আশঙ্কা বাড়ছে। এই দুটি ঘাট চালু হলে বর্তমানে চালু থাকা চারটিসহ দৌলতদিয়ায় ঘাট চালু হবে মোট ছয়টি। 
 
সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়ায় নতুন দুটি ঘাট চালু করতে ২ ও ৬ নম্বর ঘাটে বিআইডব্লিউটিএর নিজস্ব দুটি পন্টুন আনা হয়েছে। সেখানে শ্রমিকরা বালু ও ইটের আদলা ভর্তি বস্তা ফেলে ঘাটের সংযোগ সড়ক চালুর কাজ করছে।
 
কয়েকজন শ্রমিক জানান, পন্টুন ও ঘাট চালাতে প্রয়োজনীয় সংখ্যক লোকবল প্রয়োজন। পন্টুন ধরে রাখতে আরো প্রয়োজন আনুসঙ্গিক সরঞ্জমাদি। এসব না থাকায় ঘাট চালু করা সম্ভব হবে না। ঈদের আগে নতুন দুটি ঘাট চালু করা না হলে যাত্রী ও যানবাহন পারাপারে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। 
 
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো লাখো মানুষ এবং যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ন্যূনতম ১৯টি ফেরি ও ছয়টি ঘাট চালুর সিদ্ধান্ত হয়। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মোট ১৭টি ফেরি রয়েছে। এছাড়া নতুন করে আরো দুটি ঘাট বাড়াতে বিআইডব্লিউটিএর দুটি পন্টুন আনা হলেও তদারকি করতে প্রয়োজনীয় লোকবল ও পন্টুন ধরে রাখতে তার, সিল বার না থাকায় এখন পর্যন্ত চালু করা সম্ভব হচ্ছে না। নতুন দুটিসহ ছয়টি ঘাট চালু থাকলে যানবাহন পারাপার খুব সহজ হবে।
 
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিন বলেন, সম্প্রতি দৌলতদিয়া ঘাট পরিদর্শনে আসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ। এর কিছুদিন পর পরিদর্শনে আসেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় জেলা প্রশাসক মো. শওকত আলী আরো দুটি ঘাট বাড়ানোর ব্যাপারে প্রস্তাব করলে তাঁরা আশ্বাস দেন। সে আলোকে দুটি পন্টুন আনা হয়েছে। ছয়টি ঘাট চালু থাকলে সহজে বিশৃঙ্খলা হবে না। 
 
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, অতরিক্তি নতুন দুটি ঘাট চালু করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে লোকবল নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করে ঘাট দুটি চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
 
ইত্তেফাক/নূহু