বেনাপোলে পায়ুপথে স্বর্ণের ১২ বার বহনকারী একজন আটক

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৬:৫৮
ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে ১২ পিচ স্বর্নের বারসহ একজনকে আটক করেছে বেনাপোল কাস্টমস্ শুল্ক গোয়েন্দা সদস্যরা। আটক ব্যক্তির নাম মহিউদ্দিন ভুইয়া। সে তিতাস কুমিল্লার শাহারিয়া ভূইয়ার ছেলে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।
 
বেনাপোল কাস্টমস্ শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল এর উপ-পরিচালক সাইফুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, স্বর্ণ পাচারকারীর এক সদস্য স্বর্ণের চালান নিয়ে ভারতে যাচ্ছে। সে সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। 
 
সাইফুর রহমান আরো জানান, আটক মহিউদ্দিন তার কাছে থাকা স্বর্ণের তথ্য প্রথমে অস্বীকার করে। পরে এক্সরে করলে তার পায়ু পথে ১২ পিচ স্বর্ণ পাওয়া যায়। এ স্বর্ণগুলি তিনি তাঁতীবাজার থেকে নিয়ে  কোলকাতার একজনকে দেয়ার জন্য যাচ্ছিলেন। এ স্বর্ণ বহনের জন্য তার কমিশন মিলতো  ১৪ হাজার টাকা। পরে তার পায়ু পথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
 
আটক মহিউদ্দিন ভূইয়াকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণগুলি বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/নূহু