চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও কলেজ অধ্যক্ষ শাহিনা সুলতানা ফেন্সি খুনের ঘটনায় স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলামকে প্রধান আসামি করে ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) বিকেলে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন তার ছোট ভাই ফোরকান উদ্দিন খান।
মামলার অপর আসামিরা হচ্ছেন- ফেন্সির সতীন জুলেখা বেগম (৩৪), দেবর খাইরুল ইসলাম নয়ন (৪৫) ও ননদ জানু বেগম (৪৮)।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ জুন) দিনগত রাত ১০টার দিকে ষোলঘর নিজ বাসভবনে খুন হন ফেন্সি। পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী জহিরুল ইসলামকে আটক করে। এরপর রাতেই শহরের নাজির পাড়া থেকে দ্বিতীয় আসামি জুলেখা বেগমকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশ পরিদর্শক মহিউদ্দিন জানান, প্রধান আসামি জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে বিকেলে আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকী দুই আসামিকেও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
ফেন্সির ৩ কন্যা সন্তান রয়েছে। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়াও তিনি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক নির্বাচিত ভিপি ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
