ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরজাহান বেগম (২৩) নামের এক নারীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাদেশ্বরী-বড়কাপন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নূরজাহান বেগম গ্রামের মৃত আছদ্দর আলীর কন্যা।
স্থানীয় সূত্র জানায়, বাদেশ্বরী-বড়কাপন গ্রামে ওপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার সোমবার রাতে ছিঁড়ে চলাচলের রাস্তায় পড়ে থাকে। মঙ্গলবার সকালে বাড়ির রাস্তা দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে নুরজাহান বেগমের।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস. আই. নূর মোহাম্মদ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।
ইত্তেফাক/নূহু
