মহেশপুরে মহিলা মেম্বারকে জীবননাশের হুমকি জামায়াতের

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৬:০৩

ঝিনাইদহের মহেশপুরের পল্লীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের পায়তারা চলছে। এ ঘটনায় বাধা দেওয়ায় স্থানীয় মহিলা মেম্বারকে হত্যার হুমকি দিচ্ছে জামায়াত সদস্যরা।

প্রাপ্ত সূত্রে প্রকাশ, নেপা ইউনিয়নের মহিলা মেম্বর মন্ডুমালা গ্রামের বাসিন্দা। পৈতৃক সূত্রে মন্ডুমালা গ্রামের ৮শতক জমির মালিক। ঐ গ্রামের মৃত ফকির চাঁন মন্ডলের ছেলে মনির হোসেন মনি, আবুল হোসেন, ছমির হোসেন তারা জামায়াত ক্যাডার ও বিগত দিনের নাশকতা মামলার আসামি। তারা জোরপূর্বক সেলিনা মেম্বারের জমি দখলের চেষ্টা করে।

এই ঘটনায় মেম্বার বাদী হয়ে ঝিনাইদহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং মহেশপুর পি -১৮৫/১৮। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী মহেশপুর থানার এস.আই. আলিমুজ্জামান বিবাদীপক্ষকে নোটিশ জারি করে উক্ত নালিশী জমিতে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার জন্য।

কিন্তু পুলিশের নোটিশ ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মনির হোসেন গং কার্যক্রম চালাতে থাকে। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর করলেও রহস্যজনক কারনে কোন ভূমিকা গ্রহণ করছে না পুলিশ।

এদিকে উক্ত সেলিনা মেম্বারকে জামায়াত ক্যাডাররা হত্যার হুমকি অব্যাহত রেখেছে। সেলিনা মেম্বার জানান, বার বার বিষয়টি পলিশকে জানালেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

মঙ্গলবার দুপুরে উভয়পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলা হলেও মনি গংরা কেউ হাজির হয়নি।

একটি গোপন সূত্র থেকে জানা গেছে, বিবাদীপক্ষ থানা পুলিশকে ম্যানেজ করেই কার্যক্রম করছে। এ বিষয়ে এস.আই আলিমুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নির্দেশে তারা নোটিশ জারি করেছে। না শুনলে তাদের কিছুই করার নেই। সেলিনা মেম্বার সরকারের ওপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইত্তেফাক/নূহু