বালিয়াকান্দিতে বৃদ্ধা ধর্ষণের ৪ দিন পর থানায় মামলা

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৬:৫৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬০ বছরের বৃদ্ধা ধর্ষণের ৪ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছে ধর্ষিতার মেয়ে জামাই মোঃ মিরাজ শেখ। বিধবা ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসিনা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মালেক মৃধার ছেলে পরান মৃধা (২৭) গত শনিবার ভোর রাতে একই গ্রামের জনৈক বিধবার ঘরে জোরপূর্বক ঢুকে মারধর করে পাশের একটি মেহগনি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। ঐ মুহূর্তে তিনি চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাজবাড়ী হাসপাতাল থেকে থাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছেন।

মামলার বাদী ধর্ষিতার মেয়ে জামাই মোঃ মিরাজ শেখ জানান, ধর্ষক পরানের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছি। আমার শাশুড়ী ভীষণ অসুস্থ এবং চিকিৎসারত থাকার কারণে মামলা দায়ের করতে বিলম্ব হলো। আমরা এই ধরনের নিকৃষ্ট কাজের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

সদর ইউপি চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ জানান, ধর্ষক পরানের গ্রেফতারে সহযোগিতা করার জন্য এরমধ্যে আমি গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসেছিলাম। ধর্ষক পরান পলাতক রয়েছে। ওকে আমরা যেখানেই পাবো সেখান থেকেই ধরে থানায় সোপর্দ করবো। এ ব্যাপারে কোন আপোস হবে না।

থানা অফিসার ইনচার্জ (ওসি ) হাসিনা বেগম জানান, বিষয়টি খুব দুঃখজনক। ঘটনাটি শোনার পরই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি এখনো অসুস্থ। গত রবিবার আমি তাকে দেখতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। মামলাটি তদন্তের জন্য এসআই কায়সার হামিদকে নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। ধর্ষকের গ্রেফতারের ব্যাপারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

ইত্তেফাক/নূহু