পাটগ্রামে সালিশকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৯:১৯
লালমনিরহাটের পাটগ্রামে শালিস বৈঠককে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম ওরফে নজু (৫০) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আরও অনন্ত ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধায় পাটগ্রাম পৌর বাজারের দহগ্রাম রোডের রেল ক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। 
 
নিহত ব্যক্তির পরিবার ও মামলা সুত্রে জানা গেছে, পাটগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম কয়েকদিন আগে একটি সালিশ বৈঠক করেন। ওই শালিস বৈঠক মনঃপুত না হওয়ায় প্রতিপক্ষের আনোয়ার, সহিদাররা কাউন্সিলর রবিউলের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ  ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলের দিকে রবিউলের বড় ভাই মাংস ব্যবসায়ী নজুর সাথে সহিদার রহমানের ছেলে আনোয়ার হোসেনের (৩২) কথা কাটাকাটি হয়। 
 
এরই জের ধরে সন্ধায় ইফতার শেষে রবিউল ও সহিদার লোকজনের মধ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কোটতলী এলাকার ইউসুফ আলীর ছেলে নজু (৫০) ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন। প্রথমে পাটগ্রাম ও পরে রংপুর হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- হুমায়ুন, সহিদার, রাসেল প্রমূখ। 
এ ঘটনায় নিহতের ছেলে সাজ্জাদ হোসেন রুবেল, বুধবার (৬ জুন) পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।  পাটগ্রাম থানার তদন্ত কর্মকর্তা ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/কেআই