তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক বলেন, দেশের উন্নয়নে প্রধান তিন শত্রু জঙ্গি, মাদক ও দুর্নীতিকে পরাজিত করে ২০২১ সালের মধ্যে সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দুই বছরে প্রথমশত্রু ‘জঙ্গিবাদ’ দমনে সফলতা এসেছে। এবার তারই নেতৃতে মাদক নির্মূল অভিযান শুরু হয়েছে। তার সুফল আমরা পাচ্ছি। আমরা শিগগিরই জঙ্গি, মাদক ও দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হবো। এজন্য তিনি দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বুধবার নাটোরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৫তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মমতাজ উদ্দিনের ছোট ভাই নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ, এমপি পুত্র সাফিনুর রহমান পল্লব প্রমূখ।
অনুষ্ঠানে শহীদ মমতাজ উদ্দিন ফাউন্ডেশন ও লালপুর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিনশ ৪৯ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি হিসাবে এককালীন নগদ আট হাজার টাকা প্রদান করা হয়।
এর আগে সকালে শহীদ মমতাজ উদ্দিন স্মরণসৌধ চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠত হয়।
উল্লেখ্য ২০০৩ সালের ৬ জুন রাতে লালপুর উপজেলার গোপালপুর থেকে নিজ বাড়ি আব্দুলপুরে ফেরার পথে নেংগপাড়া নামক স্থানে দুষ্কৃতকারীরা মমতাজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।
ইত্তেফাক/নূহু
