বাগেরহাট শহরতলীর দশানী এলাকায় মঙ্গলবার গভীর রাতে হৃদয় ফার্নিচার নামের একটি দোকানে আগুন লেগে চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে অগ্নিকাণ্ডে দোকান ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. মিজানুর রহমান বলেন, প্রতিদিনের মতো রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে আমি বাসায় চলে যাই। গভীর রাতে দোকানের আশপাশের থাকা এলাকাবাসীর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দোকানে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হলেও তার আগেই আমার দোকানে থাকা কাঠ, কাজ করার আধুনিক যন্ত্রপাতি, দুটি বাইসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সব হারিয়ে আমি এখন পথের ফকির।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/নূহু
