অপহৃত শিশুর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ০৭ জুন ২০১৮, ০২:২০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বুধবার বিকালে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অপহৃত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
 
নিহত জয়ন্ত চন্দ্র দাস (১০) উপজেলার বানিয়াদি এলাকার চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
 
জানা যায়, পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে জয়ন্তকে অপহরণ করা হয়। উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিকালে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় একই এলাকার রাজকুমারের ছেলে অনিক ও জাহাঙ্গীরের ছেলে আলমগীরকে আটক করেছে পুলিশ।
 
রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় জয়ন্ত। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা চৈতন্য দাসের মোবাইল ফোনে কল দিয়ে ছেলের মুক্তির জন্য পাঁচ লাখ টাকা দাবি করে। এঘটনায় চৈতন্য দাস একটি জিডি করেন।
 
ইত্তেফাক/আরকেজি