জয়নগর সীমান্তে আড়াই কেজি স্বর্ণের বারসহ দুইজন আটক

আপডেট : ০৭ জুন ২০১৮, ১৫:৩২

দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্টে ভারতে যাওয়ার আগে ২ কেজি ২শ ৫৮ গ্রাম ওজনের ১৯ টি স্বর্ণের বারসহ নুরুল ইসলাম (৪৬) ও মাসুদ রানা (৪০) নামে ২ ব্যক্তিকে আটক করেছে কাস্টমস। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত নুরুল ইসলাম ঢাকা কেরাণীগঞ্জ উত্তর রামেরকান্দা এলাকার মহিউদ্দীন খানের ছেলে ও মাসুদ রানা মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কালুরগাও গ্রামের নুরুল ইসলাম ব্যাপারির ছেলে।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে নুরুল ইসলাম যার পাসপোর্ট নম্বর (বি ইউ০৯২২৭৩০) ও মাসুদ রানা যার পাসপোর্ট নম্বর (বিএম ০০০৫৩৫২) ঢাকা থেকে বাসযোগে ভারত যাচ্ছিলেন। দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে ইমিগ্রেশন শেষ করে কাষ্টমস অফিসে প্রবেশ করলে তাদের ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাদের ব্যাগে ২ কেজি ২শ ৫৮ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

যশোর বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমান জানান, আমাদের কাছে গোপন খবর ছিল, আজ বৃহস্পতিবার সকালে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রী স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করছে। এ গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল রাজস্ব ও শুল্ক কর্মকর্তা ছবি রাণী দত্তের নেতৃত্বে একটি টিম দর্শনা চেকপোষ্ট সীমান্তে অবস্থান নেয়। এরপর তাদের আটক করে ব্যাগ তল্লাশী করলে তাদের কাছ থেকে ১৯ টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলা হবে বলেও জানান তিনি।

ইত্তেফাক/নূহু