সাতক্ষীরার শ্যামনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৭ জুন ২০১৮, ১৭:১২

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে. সকাল সাড়ে ৯টার দিকে শিশু আয়েশা মনি (৯) বাড়ি থেকে বের হয়ে মামার বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার সোনারমোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটের ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। নিহত শিশু আয়েশা মনি রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের মইজুদ্দীন গাজীর মেয়ে।

অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে অঙ্গর মিস্ত্রী (৭০) নামের এক বৃদ্ধ বাড়ি থেকে বের হয়ে উপজেলার কাশিমাড়ি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অঙ্গর মিস্ত্রী কাশিমাড়ি ইউনিয়নের গল্লারটোপ গ্রামের মৃত ফকির মিস্ত্রীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য তাদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু