রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে আজ বৃহস্পতিবার দুপুরে এক নারীসহ দুইজনের মুত্যৃ হয়েছে। মারা গেছে বিদেশী জাতের দুইটি গরুও। এ ঘটনায় আহত হয়েছেন তিন নারীসহ পাঁচজন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, পৌর শহরের শাহাপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আয়েশা বেগম (৫০) ও রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট রহমতপুর মাদ্রাসাপাড়া গ্রামের শামছুল হকের ছেলে আলমগীর হোসেন (২৪)।
IMG0
মাস্টারপাড়া গ্রামের প্রত্যক্ষদর্শী আসমা খাতুন জানান, দুপুর ১২টার দিকে আকাশ মেঘলা করে। এ সময় আশেয়া বেগম বাড়ির পাশে বেঁধে রাখা বিদেশী জাতের ৪টি গরু নিতে আসেন। তখন বজ্রপাতে দুইটি গরু ও আশেয়া মাটিতে লুটিয়ে পড়ে।
গরু দুইটি ঘটনাস্থলে মারা গেলেও আশেয়া বেগমকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে, শাহাপুর গ্রামের নিকুজ মিয়ার ছেলে মমিন মিয়া (৫০), জামুবাড়ি গ্রামের ভেকু মিয়ার ছেলে কালু মিয়া (৬৫), মোস্তফাপুর গ্রামের ঝালুদাশের স্ত্রী শুকলি বালা (৬০), গুদামপাড়া গ্রামের তিলক চন্দ্রের স্ত্রী সন্ধ্যা বালা (৫০), শাহাপুর মাস্টারপাড়া গ্রামের মৃত্যু গিয়াস উদ্দিনের স্ত্রী মনুজা বেগম (৫০)।
দুইজনের মৃত্যু নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তারিনা বেগম বলেন, ‘হাসপাতালে আসার আগেই আলমগীর মারা যান। আশেয়াকে আশঙ্কাজনক অবস্থা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু হাসপাতাল পৌঁছার আগেই তার মারা যাওয়ার সংবাদ শুনি।’
ইত্তেফাক/নূহু
