ফরিদপুর বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে ফরিদপুরের র্যাব-৮ সদস্যরা। এ সময় ওই ইউপি সদস্যের নিটক থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
আটক ওই ইউপি সদস্যের নাম মো. মতি কাজী(৪২)। সে বোয়ালমারী উপজেলার সুতাশী গ্রামের মো. দাউদ কাজীর ছেলে এবং সুতাশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য।
র্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। সেই বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জেলার বোয়ালমারী উপজেলায় অভিযান চালানো হয়।
এ সময় সুতাশী গ্রাম থেকে মতি কাজীকে ২শ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা।
এই কর্মকর্তা আরো জানান, মতি জন প্রতিনিধির ছদ্মবেশ নিয়ে দীর্ঘদিন যাবৎ ইয়াবা বেচাকেনা করে আসছে। তার নিজস্ব অন্তত ১০ জনের একটি টিম রয়েছে। যাদের মাধ্যমে সে ইয়াবা কেনা বেচা করায়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মতিকে জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে এই কর্মকতা বলেন, এই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
ইত্তেফাক/নূহু
