প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘সর্বোচ্চ মেধা এবং সর্বোত্তম প্রযুক্তি দিয়ে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন তৈরি করা হয়েছে। ভোটাররা এবং রাজনীতিবিদরা যদি দেখেন এতে কোন ত্রুটি নেই তাহলে আশা রাখি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করা হবে’।
আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি উক্ত কথা বলেন।
খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি আরো বলেন, ‘আশা রাখি বিএনপি নির্বাচনে আসবে’।
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মাছুমুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রি: জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, মহাপরিচালক জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। মোস্তফা ফারুক মহাপরিচালক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। মো: মঈনুল হাসান পুলিশ সুপার পটুয়াখালী ও বাউফল প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান প্রমুখ।
ইত্তেফাক/নূহু
