ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে ইয়েমেন থেকে ৭১ আন্তর্জাতিক কর্মীকে সরিয়ে নিয়েছে অলাভজনক মানবাধিকার বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস(আইসিআরসি)। এ খবর দিয়েছে আল জাজিরা।
আইসিআরসি’র মুখপাত্র ম্যারি-ক্লেয়ার ফেঘালিকে উদ্ধৃত করে খবরে বলা হয়, ইয়েমেনে রেড ক্রসের প্রায় ৪৫০ জন কর্মী নিয়োজিত রয়েছে। এর মধ্যে কয়েক ডজন বিদেশী কর্মীও রয়েছেন।
ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িত সকল পক্ষকে তাদের কর্মীদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার আহবান জানিয়েছে রেড ক্রস। যাতে করে দেশটিতে সংস্থাটি তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। রেড ক্রস জানিয়েছে, ইয়েমেন থেকে তাদের কর্মীদের সরিয়ে আনতে বাধ্য হওয়ায় দেশটিতে তাদের কার্যক্রম ব্যাহত হয়েছে।
রেড ক্রস বলেছে, আইসিআরসি ইয়েমেনে চলমান সংঘাতে জড়িত সকল পক্ষের প্রতি তাদের দৃঢ়, অটুট ও কার্যকর নিশ্চয়তা প্রদানের আহবান জানাচ্ছে, যাতে করে সংস্থাটি সেখানে কাজ চালিয়ে যেতে পারে।
ইয়েমেন থেকে কর্মী সরিয়ে আনার বিষয়ে আইসিআরসি বলেছে, তাদের কর্মীদের জিবুতিতে সরিয়ে নেয়া হচ্ছে। কেননা, যুদ্ধে জর্জরিত দেশটিতে নিরাপত্তা ঝুঁকি উচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এক বিবৃতিতে আইসিআরসি বলেছে, আমাদের সাম্প্রতিক কার্যক্রমে বাধার সৃষ্টি করা হয়েছে, হুমকি দেয়া হয়েছে ও সাম্প্রতিক সপ্তাহে সরাসরি হামলা চালানো হয়েছে। আমরা দেখছি যে, আমাদের সংস্থাকে এই সংঘাতে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে।
ইত্তেফাক/ জেআর
