বান্দরবানে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, ১৯ বসতঘর পুড়ে ছাই

আপডেট : ০৮ জুন ২০১৮, ১৪:৫৭
বান্দরবানের আলীকদম উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ডে ১৯টি বসতঘর পুড়ে গেছে। উপজেলার মস‌জিদ পুকুর পাড় এলাকার শাহ আলমের ভাড়া‌টিয়ার বাসায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানান, শাহ অালমের ভাড়া‌টিয়া বাসার গ্যাস সি‌লিন্ডার থে‌কে এ আগু‌নের সূত্রপাত হয়। প‌রে স্থানীয় ও লামা ফায়ার সা‌র্ভি‌সের দমকল বা‌হিনী প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা আসার আগেই ১৯টি বসত বা‌ড়ি পু‌ড়ে যায়। আলিকদম থানার ও‌সি মো. র‌ফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, আলীকদম সেনাবাহিনীর উপ-অধিনায়ক আবদুল কাদের, নির্বাহী অফিসার মো. নাজিমুল ইসলাম হায়দার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিনসহ নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোগ্য মার্মা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/আরকেজি