চলতি মধু মৌসুমে মেহেরপুর জেলায় কাঁঠালের ফলন ভালো হয়েছে। বাজারে প্রচুর কাঁঠাল উঠেছে। কাঁঠাল ব্যবসায়ীরা কাঁঠাল থরে থরে সাজিয়ে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার হাট-বাজারে ও ফুটপাতে বিক্রি করছে। এ জেলার কাঁঠাল খুবই সু-স্বাদু। মেহেরপুর জেলায় প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপন্ন হয়। তবে কৃষি সম্প্রসারণ বিভাগ কিংবা বন বিভাগ কর্তৃক কাঁঠাল বাগান সম্প্রসারণে তেমন উদ্যোগ নেই। জেলায় কি পরিমাণ কাঁঠাল গাছ রয়েছে সরকারি কোন দপ্তরে এর কোন পরিসংখ্যান পাওয়া যায়নি।
এদিকে কাঁঠালের বাম্পার ফলনের সঙ্গে দামও ভালো। কাঙ্ক্ষিত দাম পেয়ে বাগান মালিকরা খুশি। এছাড়া এ জেলায় কাঁঠাল ব্যবসায়ীরা অধিক মুনাফা পাওয়ার আশায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে চালান করছে। ফলে গরিবের ফল কাঁঠাল হলেও গরিব খেটে খাওয়া মানুষ পর্যাপ্ত কাঁঠাল কিনতে পারছে না। পূর্বের তুলনায় কাঁঠালের দাম বৃদ্ধি পেয়েছে। অপর দিকে বাগান মালিকরা কাঁঠালের দাম ভালো পাওয়ায় তারা নিজস্ব উদ্যোগে কাঁঠাল বাগান সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।
কৃষি বিভাগ জানায়, এ জেলার গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই ৩/৪টি কাঁঠাল গাছ রোপণ করা হয়েছে। জেলায় কয়েক লাখ কাঁঠাল গাছ রয়েছে।কিন্তু এ কাঁঠাল গাছ কেউ পরিচর্যা করে না। প্রকৃতির আবহাওয়ায় এ গাছ বড় হয়।বিনা যত্নে এ গাছ ফলন দেয়। পাকা কাঁঠালে ১ দশমিক ৮ মিলিগ্রাম প্রোটিন, দশমিক ৩০ মিলিগ্রাম ফ্যাট, ২৬ দশমিক ১ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১ দশমিক ৭ মিলিগ্রাম লৌহ, দশমিক ১১ মিলিগ্রাম ভিটামিন বি-১ রয়েছে।তাছাড়া কাঁঠালে প্রচুর ভিটামিন এ,বি,ও,ই রয়েছে। কাঁঠালের বিচিতে প্রচুর খাদ্যপ্রাণ রয়েছে। তরকারি হিসাবে কাঁঠালের বিচি খুবই জনপ্রিয়। কাঁঠালের বিচি ক্যানসার প্রতিরোধক বলে চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত হয়েছে।কাঁঠালের অপ্রয়োজনীয় খোসা গবাদি পশুর প্রিয় খাবার।মেহেরপুরের গবাদি পশু শুধু কাঁঠালের খোসা বা ভুতা খেয়ে (সহায়ক খাদ্যসহ) কাঁঠালের ভরা মৌসুমে মোটাতাজা হয়ে থাকে। কাঁঠাল কাঠে ভালো ফার্নিচার হয়।
ইত্তেফাক/রেজা
