উপজেলার সখীপুর-বাটাজোড় সড়কের কীর্ত্তনখোলায় বেইলি ব্রিজের লোহার পাটাতন ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন ওই সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও স্থানীয় লোকজন।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের পশ্চিমের অংশে পাটাতন ভেঙ্গে যাওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
পরিবহন শ্রমিকরা জানান, মালবাহী ভারী ট্রাক চলাচল আপাতত বন্ধ রয়েছে। ব্রিজের পাটাতন ভেঙ্গে যাওয়ায় তারা দুর্ভোগে পড়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের গাড়ি চালাতে হচ্ছে।
স্থানীয় কেজিকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান বলেন, ‘ব্রিজটি অনেক পুরাতন হওয়ায় ওই ব্রিজের ওপর দিয়ে যাতায়াতে ব্যাপক ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজর দেওয়া উচিৎ জানিয়ে তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সড়কের বেইলী ব্রিজটি নতুন করে নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।’
স্থানীয় এলাকাবাসী তাইবুর রহমান বলেন, ওই সড়কের ব্রিজের ওপর দিয়ে সখীপুর ও ভালুকা উপজেলার লোকজন চলাচল করে থাকে। বিকল্প কোনো সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইকসহ ছোট ছোট যানচলাচল করছে। বেশ কিছুদিন ধরে ব্রিজের পাটাতন ভেঙ্গে পড়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে তিনি ঈদ মৌসুমে তাড়াতাড়ি ব্রিজটি নির্মাণেরও দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ বলেন, ‘গত বছর ব্রিজের ১০টি লোহার পাটাতন ভেঙ্গে পড়ায় নতুন পাটাতন দিয়ে মেরামত করা হয়েছিল। এবার ২৯ মিটারের ওই ব্রিজটি নতুনভাবে নির্মাণের জন্য এলজিইডি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই নির্মাণ কাজ শুরু হবে। তবে সড়কের ওই ব্রিজটিতে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ভেঙ্গে যাওয়া পাটাতন সরিয়ে শিগগিরই নতুন লোহার পাটাতন বসানো হবে বলেও জানান তিনি।’
ইত্তেফাক/রেজা
