পাইকগাছার জিরোপয়েন্ট সংলগ্ন এলাকার সড়কে যত্রতত্র বাস পার্কিং করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পৌর সদরে যাতায়াতে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। বিশেষ করে ঈদকে সামনে রেখে এ ধরনের যানজট ও দুর্ভোগ অন্যান্য সময়ের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। জিরোপয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে ট্রাফিক পুলিশ মোতায়েন ও যত্রতত্র বাস পার্কিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। এলাকার প্রধান সড়কের তেল পাম্প হতে বাসস্ট্যান্ড পর্যন্ত বাস পার্কিং করে আসছিল শ্রমিক ও মালিক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে অসংখ্যবার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে বার বার তাগিদ দেওয়ার ফলে মালিক ও শ্রমিকরা বেশ কয়েক মাস তাদের বাসগুলো শিববাটী অভিমুখে কয়রা-পাইকগাছা সড়কে রাখে। এ সময় মূল সড়কে যানজট কমে আসলেও আবারো কতিপয় শ্রমিকরা প্রধান সড়কের বিভিন্ন স্থানে বাস পার্কিং শুরু করেছে। ফলে আবারো বৃদ্ধি পেয়েছে যানজট। বিশেষ করে সামনে ঈদ মানুষের চলাফেরা বৃদ্ধি পাওয়ায় জিরোপয়েন্টসহ আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
ইত্তেফাক/নূহু
