কুমিল্লায় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মো: সুমন (৩৫) নামের আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলার দেবিদ্বার-চান্দিনা সড়কের ছেচরাপুকুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত ওই ডাকাত সদস্য উপজেলার কুরুইন গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মো: মিজানুর রহমান।
ওসি জানান, একদল ডাকাত দেবিদ্বার-চান্দিনা সড়কের ছেচরাপুকুরিয়া এলাকার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় সশস্ত্র ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশও আত্মরক্ষায় ১৯ রাউন্ড শটগানের গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় নিজেদের (ডাকাত) গুলিতেই ডাকাত সুমন গুরুতর আহত হয় বলে ওসি দাবি করেন।
আহত ওই ডাকাত সদস্যকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই অভিযানের সময় থানার এসআই আসাদ, এএসআই ইনতাজ ও কং মনির আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ১ রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান, কয়েকটি মুখোশ, ছোরা ও শাবল উদ্ধার করেছে।
ওসি আরও জানান, নিহত ডাকাত সুমনের বিরুদ্ধে দেবিদ্বার, চান্দিনা, দাউদকান্দিসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ আরও অন্যান্য অভিযোগে অন্তত ১৮টি মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু
