চৌগাছার পশুহাট থেকে গরু আটক, বিজিবির সঙ্গে ব্যবসায়ীদের ধস্তাধস্তি

আপডেট : ১০ জুন ২০১৮, ১৫:১১
চৌগাছা উপজেলার ঋষিপাড়াস্থ পশুহাট থেকে বিজিবি সদস্যদের গরু আটককে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। রবিবার সকালে এঘটনা ঘটে। 
 
জানাগেছে, ৪৯-সি কোম্পানির চৌগাছা উপজেলার সীমান্তবর্তী আন্দুলিয়া বিজিবির কোম্পানি কমান্ডার ফজলুল হকের নেতৃত্বে একদল বিজিবি জোয়ানরা উপজেলার ঋষিপাড়াস্থ পশুহাট থেকে ৬টি গরু আটক করে। আটককৃত গরু এ সময় হাটের খাটালে বাধা ছিল। গরু নিয়ে যাবার সময় উত্তেজিত ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের চোর চোর ধর ধর বলে তাদের পিছু নেয়। এক পর্যায় চৌগাছা পৌর সভার মহিলা কাউন্সিলর ছাবিনা ইয়াসমিনের নেতৃত্বে উত্তেজিত জনগণ বিজিবির সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং ৬টি গরুই বিজিবিদের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে কোম্পানি কমান্ডার মোবাইল করে মাশিলা ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্য এনে পরে গরু আটক করে নিয়ে যায়।
 
হাট মালিক দেওয়ান ডবলু জানান, আমার হাট থেকে সীমান্তের দুরত্ব ১২ থেকে ১৪ কিলোমিটার। তিনি অভিযোগ করে বলেন, গরু ব্যবসায়ীরা হাটে গরু নিয়ে আসার পর ভারতীয় গরু বলে রাস্তায় প্রায় বিজিবি সদস্যরা হেনস্থ করছে। আজ হাটে এসেও তারা গরু আটক করে নিয়ে গেছে। এব্যাপারে জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত পৌর কাউন্সিলর শাহিনুর রহমান জানান, বিজিবি টহল থাকা স্বত্বেও কীভাবে ভারত থেকে সীমান্ত পার হয়ে গরু আসে। প্রতি বছর ঈদের সময় আসলেই বিজিবি সদস্যরা হাট থেকে গরু ধরে নিয়ে যায়। এনিয়ে প্রায় গরু ব্যবসায়ীদের সঙ্গে ঝামেলা বাঁধে। এক প্রশ্নের জবাবে কোম্পানি কমান্ডার ফজলুল হক জানান, বিজিবিরা সীমান্তে তো আর হাত ধরা ধরি করে দাঁড়িয়ে থাকে না। রাতের আঁধারে আসতে পারে।
 
ইত্তেফাক/আরকেজি