হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে রবিবার দুপুরে দুই গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্তত ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার গুণই গ্রামের বাসিন্দা ইউপি মেম্বার জয়ফুল মিয়ার সঙ্গে স্থানীয় সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে একই গ্রামের সালামত মিয়ার বিরোধ চলে আসছে। এর জের ধরে রবিবার দুপুরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্ট্যাব্যাপী সংঘর্ষে মহিলাসহ উল্লেখিত সংখ্যক লোক আহত হয়েছে। সংঘর্ষে আহতদের মাঝে জুয়েল (৪৫), স্বপন (২০), আফিল উদ্দিন (৩৫), সফর আলী (৪০) ও রিপনের (২২) অবস্থা আশংকাজনক।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।
ইত্তেফাক/নূহু
