রাজৈরে বজ্রপাতে দুইজন নিহত

আপডেট : ১০ জুন ২০১৮, ১৯:৪৭
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় পৃথক দুটি বজ্রপাতে কৃষক মতলেব বেপারী ((৪০) ও  গৃহবধূ কল্পনা বাড়ৈ (৪০) নিহত হয়েছেন। পৃথক এ ঘটনা দুটি ঘটেছে রবিবার বিকাল ৪টার সময় দুর্গাবর্দ্দী গ্রামে ও শনিবার রাত ৮টার দিকে আমগ্রাম সিরাজকাঠি গ্রামে।
 
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৪টার দিকে রাজৈর উপজেলার দুর্গাবর্দ্দী গ্রামের মতলেব বেপারী (৪০) নামে এক কৃষক মাঠে কাজ করে বাড়ি ফিরছিলেন। পথে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি দুর্গাবর্দ্দী গ্রামের রেজ্জেক বেপারীর ছেলে।
 
এদিকে শনিবার রাত ৮টার দিকে একই উপজেলার আমগ্রাম সিরাজকাঠী গ্রামে কল্পনা বাড়ৈ (৪০) নামের এক গৃহবধূ বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি একই গ্রামের সমর বাড়ৈর স্ত্রী।  প্রচণ্ড ঝড়বৃষ্টির শেষে দিকে গৃহবধূ কল্পনা বাড়ৈ রান্নাঘরে যাচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন।
 
পরিবারের লোকজন তখনই কল্পনা বাড়ৈকে মুমূর্ষু অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, কল্পনা বাড়ৈ বজ্রপাতের শিকার হয়ে মারা যায়। 
 
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনা দুটি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু