চাঁদপুরের হাজীগঞ্জে পিতাকে হত্যাকারী প্রধান আসামি মাদকসেবী ছেলে সুমনকে (২৬) পুলিশ। আজ রবিবার হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সুমন বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
গত ৩ জুন রবিবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামের কাজিম উদ্দিন বেপারি বাড়িতে তাজুল ইসলামকে (৭০) মাদক সেবনের টাকার জন্য ছেলে সুমন দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই সুমন এলাকা থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় তাজুল ইসলামের মেয়ে হালিমা বেগম বাদী হয়ে সুমনকে একমাত্র আসামী করে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সুমনের পরিবার ও এলাকাবাসী জানান, সুমন দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। মাদক সেবনের কারণে পরিবারের পক্ষ থেকে কয়েকবার তাকে থানা পুলিশে দেওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে তাঁকে ছাড়িয়ে আনা হয়।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান জানান, ঘটনার পর সুমন এলাকা থেকে ঢাকায় পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে নেওয়া হবে।
ইত্তেফাক/মোস্তাফিজ
