১৫দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আদালতের আদেশের অপেক্ষায় পুলিশ!

আপডেট : ১১ জুন ২০১৮, ১৭:১৪
১৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী বিলাসী (১৬)। বিলাসী ঝিনাইগাতী উপজেলার চাপাঝোড়া গ্রামের বিল্লাল হোসেনের কন্যা। গত ২৭ মে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী ভালুকা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সে অপহৃত হয়।
 
বিলাসী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে। এ ব্যাপারে বিলাসীর পিতা বিল্লাল হোসেন বাদী হয়ে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে থানার ওসিকে নির্দেশ দেন।
 
মামলা সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী প্রতাবনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে সাইফুল ইসলাম ২ সন্তানের জনক মাঝেমধ্যেই স্কুলে যাতায়াতের পথে বিলাসীকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। এ নিয়ে উভয় পরিবারের মাঝে সৃষ্টি হয় মনোমালিন্যের। এ ঘটনার জের ধরে ঘটনার দিন সকাল ১০টায় সাইফুল ইসলাম তার কতিপয় সহযোগীকে নিয়ে বিলাসীকে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়।
 
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আদালতের মামলার আদেশের কপি এখনো আমাদের হাতে আসেনি। এলে ব্যবস্থা নেওয়া হবে। 
 
ইত্তেফাক/এসআর/নূহু