শেখ হাসিনা উন্নয়নের এক অনন্য রূপকার প্রতিমন্ত্রী: চুমকি

আপডেট : ১১ জুন ২০১৮, ১৯:৪৯
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা শুধু একজন প্রধানমন্ত্রী নন, তিনি উন্নয়নের এক অনন্য রূপকার। বাংলাদেশের হাজারো সমস্যা সমাধান করে তিনি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছেন।
 
সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলার দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
তিনি বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। আর এই নারীরা আজ কোন ক্ষেত্রেই দুর্বল নয়। তারা তা প্রমান করে দেখিয়ে দিয়েছে। বর্তমানে জাতীয় সংসদে যে নারী নেতৃত্ব রয়েছে ভবিষ্যতে তা আরো বৃদ্ধি হবে। নারী-পুরুষ সমতা করে তা সম্ভব এবং সফল হবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই। 
 
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে এখন উন্নয়নের হাওয়া বইছে আর এ হাওয়াকে দীর্ঘস্থায়ী করতে জাতীর জনক বঙ্গবন্ধু কন্যাকে পূনরায় দেশ পরিচালনার ভার দিতে ও তার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন।
 
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফুল ইসলাম সরকার তোরণ ও পরিমল চন্দ্র ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ান প্রমুখ।
 
এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।    
 
এর আগে দুপুরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ২০১৭-২০১৮ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় উপজেলা মৎস্য অফিস আয়োজিত মাঠ দিবসে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ‘উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্পের’ প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করেন। এ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে সহকারী যন্ত্র বিতরণ অনুষ্ঠানে এবং ইসলামিক ফাউন্ডেশন কালীগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) শীর্ষক প্রকল্পের ২০১৭ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
 
ইত্তেফাক/নূহু