রাজশাহীতে কাউন্টারে টিকিট নেই, মিলছে ফেসবুকে

আপডেট : ২০ জুন ২০১৮, ২০:৩৮
রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার ট্রেনের টিকিট যেন সোনার হরিণ! লাইনে দাঁড়িয়ে, এমনকি অনলাইনে টিকিট (সিটসহ) নেই। তবে সিটসহ ট্রেনের টিকিট কালোবাজারিদের হাত ঘুরে বেশি দামে ফেসবুক হয়ে আসছে টিকিট প্রত্যাশীদের হাতেই। আর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দিন শেষে বাড়ি ফিরছে খালি হতে। সেই হরিণ ধরা দিচ্ছে মানুষের ফেসবুকের ‘ইনবক্সে’।
 
জানা গেছে, প্রশাসনের অভিযানের মুখে টিকিট কালোবাজারিরা ভিন্ন পন্থা অবলম্বন করছে। তারা টিকিট কালোবাজারে বিক্রি করছে হরহামেশাই। সেই জন্য ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। টিকিট কালোবাজারি সিন্ডিকেটের হোতারা ফেসবুকে নামে বেনামে স্ট্যাটাস দিচ্ছে। তাদের কাছে টিকিট আছে। নিতে চাইলে ইনবক্সে মেসেজ করতে হবে।
 
ফেসবুকে টিকিট বিক্রেতারা লেখেছেন, ‘ইমদাদুর রহমান-‘২৫ তারিখের ২টা রাজশাহী-ঢাকার এসি টিকেট আছে পদ্মার ১৩৫২/- টাকা মাত্র’, রিফাত উল আলম- আগামী ২০ তারিখ সকালে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি নন এসি টিকিট বিক্রি হবে। কেউ নিতে চাইলে বলুন ইনবক্সে।
 
অন্যদিকে রাজশাহী পশ্চিম রেলওয়ের বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে আগে থেকেই। তবে রেলওয়ের কর্মকর্তরা বলছেন, ঈদ-উল ফিতরের আগে রেলওয়ে স্টেশন এলাকায় র‌্যাব ভ্রামম্যাণ আদালত পরিচালনা করে প্রায় ৩০জনকে জেল-জরিমানা করা হয়েছে। ফলে কৌশলী টিকিট কালোবাজারিরা ডিজিটাল ভিন্ন পন্থা অবলম্বন করছে।
 
ইত্তেফাক/আরকেজি