নকআউটপর্বে ফ্রান্স, পেরু বাদ

আপডেট : ২২ জুন ২০১৮, ০২:৩৯
পেরুকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। অপরদিকে ৩৬ বছর পর বিশ্বকাপে আসা পেরুকে বিদায় নিতে হলো গ্রুপপর্ব থেকেই। ‘সি’ গ্রুপ থেকে আপাতত ঝুলে থাকল ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার ভাগ্য। 
 
বৃহস্পতিবার রাতে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ইয়েকাতেরিনবুর্গে ৩৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছে পেরু। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেরে মাঠ ছাড়তে হলো দক্ষিণ আমেরিকার দলটিকে। 
 
প্রথম ৩০ মিনিটে ফ্রান্সকে যেন কাঁপিয়ে দিচ্ছিল পেরু। কিন্তু গোলের খেলায় সেই কাজের কাজটি এমবাপে করেছেন আগেই। গ্রিজমানের থ্রু থেকে পাওয়া বলে অলিভার জিরাউডের শট পেরুর ডিফেন্ডার রামোস ব্লক করলেও ক্লিয়ার করতে পারেননি। সেই বল পেয়ে এমবাপে ‍দারুণ ফিনিশিং টানেন। সেই সুবাদে ফ্রান্সের হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন তিনি। 
 
বাকি সময়ে পেরু এই গোল আর শোধ করতে পারেনি। পরেও সব দিক থেকেই পেরু এগিয়ে থাকলেও ফরাসি রক্ষণে ভাঙতে পারেনি। ৫০ মিনিটে সবচেয়ে বড় সুযোগটা পেলেন পেদ্রো আকিনো। পেরুর মিডফিল্ডারের জোরোলো শটটা লাগল পোস্টের ওপরে। ৭৪ মিনিটে জেফারসন ফারফানের শট লাগে জালের পাশে। তাই পেরুকে মাঠ ছাড়তে হয়েছে ১-০ গোলের হার নিয়েই।
 
ইত্তেফাক/কেআই