এবার ব্রাজিল দলেও অন্তঃকলহের খবর

আপডেট : ২৪ জুন ২০১৮, ১৪:১৯
আর্জেন্টাইন দলে কোচ-খেলোয়াড়দের মনোমালিন্যের খবর ইতিমধ্যেই সবার জানা হয়ে গেছে। এবার ব্রাজিল দলেও অন্তঃকলহের খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে দলটির অন্যতম ভরসা নেইমারের আচরণে খুব কষ্ট পেয়েছে রক্ষণভাগের অন্যতম স্তম্ভ থিয়াগো সিলভা।
 
নেইমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে সিলভা বলেছেন, ও মাঠে আমাকে অপমান করেছে। নেইমারের আচরণে খুব দুঃখ পেয়েছি আমি।
 
ব্রাজিলের এক টিভি চ্যানেলকে  সিলভা জানিয়েছেন, ৮৩ মিনিটের মাথায় রেফারির নির্দেশে খেলা শুরু করার জন্য তিনি বিপক্ষের পায়ে বল তুলে দিতেই তাঁকে নাকি খুবই অপমানজনক ভাষায় আক্রমণ করেন নেইমার। সিলভা বলেন, কোস্টা রিকার ফুটবলারদের বল ছেড়ে দিয়েছিলাম বলে নেইমার খুব অপমান করে আমাকে। ওর এই আচরণ খুব দুঃখজনক।
 
ডিফেন্ডার সিলভা শুধু তাঁর জাতীয় দলের সতীর্থ নন, পিএসজিতেও তারা একই সঙ্গে খেলেন। তাই তাঁকে এমন আচরণ করতে দেখে বেশ অবাক হন সিলভা। বলেন, ‘আমি ওদের বলটা ছেড়ে দিয়ে ভুল করিনি। কারণ, তখন খেলাটা দ্রুত শুরু করা দরকার ছিল।
 

ইত্তেফাক/এএম