ঢাকায় ভারতের নৌপ্রধান অ্যাডমিরাল সুনীল লানবা

আপডেট : ২৪ জুন ২০১৮, ২০:৩৯
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দীন আহমেদের আমন্ত্রণে রবিবার ঢাকায় এসেছেন ভারতীয় নৌপ্রধান অ্যাডমিরাল সুনীল লানবা। চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল সুনীল লানবা’র এই সফরে তার সাথে স্ত্রী রীনা লানবা এবং তিন সদস্যের প্রতিনিধিদল রয়েছে। সফরকালে দুই দেশের নৌপ্রধান চট্টগ্রামে যৌথভাবে সমন্বিত চৌকি (কোরপেট) উদ্বোধন করবেন। প্রথমবারের মতো দুই দেশের নৌবাহিনী এটা পরিচালনা করবে। ভারতীয় নৌবাহিনী প্রধান সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাত্ করবেন বলে জানা গেছে।
 
এর আগে ভারতীয় নৌবাহিনী প্রধান ২০১৭ সালের নভেম্বরে একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফর করেছিলেন। ঢাকায় ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌপ্রধানের এই সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরালো করবে।
 
ইত্তেফাক/এমআই