চুরির অভিযোগে তিন শিশুকে বেঁধে নির্যাতন, আটক ১

আপডেট : ২৬ জুন ২০১৮, ২২:৫৭
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অভিযোগে সন্দেহে তিন শিশুকে বাড়ি থেকে এনে নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পায়রা চত্বর এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। পুলিশ এঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ব্যপারে থানায় নির্যাতিত শিশু সোহাগের মা আফিয়া বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। 
 
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে আড়াইহাজার পৌর বাজারে নজরুল ইসলাম নজুর দোকান থেকে ১২ হাজার টাকা চুরি হয়। এ চুরির সন্দেহে কৃষ্ণপুরা এলাকা থেকে নবী হোসেন (১২), সোহাগ (১১) ও রাসেল (১৩) নামে তিন শিশুকে একসঙ্গে পায়রা চত্বরের জয়নালের হোটেলে এনে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে জয়নাল ও তার সহযোগিরা তাদেরকে পিটিয়ে মাথার চুল কেটে দেয়। 
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে অভিভাবকদের জিম্মায় বাড়িতে প্রেরণ করে। এ ব্যপারে সোহাগের মা আফিয়া বেগম বাদী হয়ে জয়নালসহ আরও তিন চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক জানান, চুরির সন্দেহে তিন জন শিশুকে নির্যাতন চুল কেটে ফেলা হয়েছে। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নালকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। 
 
ইত্তেফাক/কেআই