কলেজে ভর্তির দিনেই গোলাগুলির মুখে শিক্ষার্থীরা

আপডেট : ২৮ জুন ২০১৮, ১৮:৪৯
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়িয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে গত ২৮ জুন বৃহস্পতিবার ছিল একাদশ শ্রেণির ভর্তির শেষ দিন। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা সবাই উপস্থিত ছিল। এমন সময় কলেজ ক্যাম্পাসের বাইরে দুই দফায় ৫ রাউন্ড গোলাগুলির ঘটলো।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১১টা থেকে ১২টার মধ্যে কলেজ ক্যাম্পাসের বাইরে কলেজ ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে কে বা কারা দুই দফায় ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ভর্তি সংক্লান্ত বিষয় নিয়ে কলেজ ক্যাম্পাসে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
 
এ ব্যাপারে গাছবাড়িয়া কলেজ অধ্যক্ষ, প্রফেসর রতন কুমার চক্রবর্তী এ প্রতিবেদককে জানান, ক্যাম্পাসে কিছু হয়নি। তবে বাইরে কয়েকটি শব্দ শুনেছি। এ নিয়ে ভর্তিতে কোন ধরনের প্রভাব পড়বে না।
 
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুন ভূইয়া জানান, কলেজ ক্যাম্পাসের বাইরের শব্দগুলো পটকার শব্দও হতে পারে। কারণ বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রতিদিন সমর্থকরা পটকা ফুটিয়ে আনন্দ উৎসব করে আসছে।
 
ইত্তেফাক/নূহু