পর্তুগাল একজনের দল নয়: সান্তোস

আপডেট : ৩০ জুন ২০১৮, ১৪:৫৭
স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে হ্যাটট্রিক ও মরক্কোর বিরুদ্ধে জয়সূচক গোলের পর পর্তুগালের দ্বিতীয় রাউন্ডে ওঠার সব কৃতিত্ব জমা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঝুঁলিতে। তবে দেশটির কোচ মানতে নারাজ এটা। তার মতে, দলগতভাবে খেলেই জয় পেয়েছে পর্তুগাল।
 
কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, পর্তুগাল এক জনের দল নয়। যেখানে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর ওপরই সবাইকে নির্ভর করে থাকতে হয় না।
 
শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। শনিবার সোচির ফিশত স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় মাঠে নামবে দু’দল।
 
গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সান্তোস আরো বলেন, ‘সবাই জানে আমরা আমাদের খেলোয়াড়দের ওপরই নির্ভর করে খেলি। আমাদের দলে বিশ্বের সেরা একজন আছে। তবে তুমি যদি আমাকে সুয়ারেজ (লুইস) বা কাভানির (এডিনসন) সম্পর্কে জানতে চাও, তুমি একই প্রশ্ন উরুগুয়েকেও করতে পারো কেননা প্রতিটি দলে সেরা খেলোয়াড় রয়েছে।’
 

ইত্তেফাক/এএম