ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর আজ শনিবার সকালে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের লোকজন জানান, শুক্রবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলা করতে গিয়ে আড়াইবাড়ি নূরানীয়া ইকরা হাফজিয়িা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মুনিম (১০) নিখোঁজ হয়। সে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ীর নিজাম উদ্দিনের ছেলে। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা সকালে একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম জানান, মাদ্রাসার পাশের পুকুর থেকে তার মরদহে উদ্ধার করা হয়েছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজের বিষয়ে মুনিমের চাচা জসীম উদ্দিন গত ২৯ জুন (শুক্রবার) কসবা থানায় একটি সাধারণ ডাইরি করেন।
ইত্তেফাক/এমআই
