পরস্পরকে সমীহ করছে স্পেন-রাশিয়া

আপডেট : ০১ জুলাই ২০১৮, ১২:০৪
রাশিয়ার কাজটা কতটা কঠিন, সেটা বোঝার জন্য ছোট্ট দুটি তথ্যই যথেষ্ট। প্রথমত সর্বশেষ ২৩ ম্যাচে কোনো পরাজয়ের মুখ দেখেনি স্পেন। দ্বিতীয়ত সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া কখনো স্পেনকে হারাতে পারেনি। আজ এই দুই রেকর্ড নতুন করে লেখার চ্যালেঞ্জ নিতে হবে বিশ্বকাপের স্বাগতিক রাশিয়াকে।
 
ম্যাচ শুরুর আগে রাশিয়ান পক্ষ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে, স্প্যানিশরা এই ম্যাচে ফেবারিট। তারা সেই ফেবারিটদের আটকে দেওয়ার চেষ্টাই করবেন বলে বলছিলেন ইতোমধ্যে বিশ্বকাপে  দুই গোল করা আরটেম জিউবা। অন্যদিকে স্পেনের মার্কো অ্যাসেনসিও বলেছেন, রাশিয়া অনেক দর্শকের সমর্থন নিয়ে খেলবে এই ম্যাচ। ফলে পরিস্থিতি স্বাগতিকদের অনুকূলে থাকবে।
 
রাশিয়ান স্ট্রাইকার জিউবা ইতোমধ্যে বিশ্বকাপে নিজেকে যথেষ্ট প্রমাণ করেছেন। তাদের প্রথম রাউন্ডে বড় বড় ব্যবধানের দুই জয়েই রেখেছেন অবদান। তবে এখন তারা সত্যিকারের কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছেন বলে বলছিলেন এই স্ট্রাইকার। তিনি বলছিলেন, এই শেষ ষোলোতে খেলাটা তাদের জন্য অনেক বড় একটা উপলক্ষ। এখন তারা এটাকে আরো বড় করার স্বপ্ন দেখছেন, ‘গত ৩২ বছরের মধ্যে এই প্রথম আমরা নক আউট পর্বে উত্রাতে পারলাম। এখন দেখা যাক, আমরা আর কী করতে পারি। আমাদের কাছে এটা বক্সিংয়ের বিশ্বসেরা খেতাবের লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। একজন অভিজ্ঞ লড়াকুর সঙ্গে একজন তরুণ ও সাহসী লড়াকুর লড়াই। দেখা যাক, কারা ভালো করে। যে কোনো দল তার ভালো দিনে যে কোনো দলকে হারাতে পারে।’
 
জিউবা নিজেই আবার বলছিলেন, স্পেন এতটাই বড় দল যে, এদের বিপক্ষে জয় পরাজয় পরের আলোচনা। এদের বিপক্ষে খেলাটাই তাদের জন্য রোমাঞ্চকর। যেমন স্ট্রাইকার হিসেবে তাকে মুখোমুখি হতে হবে পিকে ও রামোসের। তিনি রোমাঞ্চিত এই বিশ্বসেরা দুই তারকার মুখোমুখি হওয়া নিয়ে, ‘যখন আপনি সেরা কারো সঙ্গে লড়াই করবেন, তখনই কেবল বুঝতে পারবেন যে, আপনি কতটা ভালো। আমি তো রামোস ও পিকের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চিত হয়ে আছি। এটা জীবনের সেরা সুযোগ।’
 
যদিও স্পেন প্রথম পর্বে রাশিয়ার মতো এত সাবলীল ছিল না। কিন্তু প্রথম পর্বের সেই পারফরম্যান্স দিয়ে স্পেনকে চেনা যাবে না বলে সতর্ক করে দিয়েছেন জিউবা। তিনি বলছিলেন, সবকিছুর পরও স্পেনকেই ফেবারিট মনে করছেন তিনি, ‘আমি মনে করি না, স্পেন ভঙুর অবস্থায় আছে। তারা সেরা একটা দল। গ্রুপপর্বের ভুলগুলো আসলে গ্রাহ্য করার মতো কোনো ব্যাপার নয়। আমরা জানি, স্পেনের বিপক্ষে কী করতে হবে। কিন্তু তারা পরিষ্কার ফেবারিট। আমরা জানি, তারা কতটা কঠিন হতে যাচ্ছে। এদিক থেকে উরুগুয়ে আমাদের ভালো একটা শিক্ষা দিয়েছে।’
 
রাশিয়ান খেলোয়াড়রা নিজেদের দুর্বল দেখাতে চাইলেও এই ম্যাচে তাদের যথেষ্ট সমীহ করছে স্পেন। অ্যাসেনসিও বলছিলেন, নিজেদের দর্শকের সামনে ভয়ানক হয়ে উঠতে পারে রাশিয়া। তাই এই ম্যাচটাকে তারা ফাইনাল হিসেবে দেখছেন, ‘রাশিয়া নিজেদের ভক্তদের সামনে খেলবে। আমাদের এই ম্যাচ ফাইনালের মতো করে দেখতে হবে। আমাদের হয় জিততে হবে, নইলে বাড়ি ফিরতে হবে।’ তবে নিজেদের দলের ওপর, বিশেষ করে কোচ ফার্নান্দো হিয়েরোর ওপর দারুণ ভরসা আছে অ্যাসেনসিওর।
 
তিনি বলছেন, দলকে দারুণ অনুপ্রাণিত করতে পারছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ফলে স্পেন এখন ভালো একটা অবস্থায় আছে, ‘আমাদের কোচ হিয়েরো একজন জন্মগত নেতা। সেটা আপনারা তাকে দেখলেই বুঝতে পারবেন। সে সবসময়ই আমাদের দারুণ অনুপ্রাণিত করার চেষ্টা করছে।’
 
ইত্তেফাক/মোস্তাফিজ