নাইজেরিয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক জন ওবি মিকেল এক বার্তায় প্রকাশ করেছেন যে, তার বাবাকে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের বিপক্ষে খেলার চার ঘণ্টা আগে অপহরণ করা হয়েছিল। বিবিসির কাছে এ তথ্য জানিয়েছেন মিকেল।
দক্ষিণ পূর্ব নাইজেরিয়াতে মাইকেল ওবিকে অপহরণ করা হয়েছিল। জানা গেছে তিনি ঐ সময় ভ্রমণ করছিলেন। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন। মিকেলের বাবা জানান 'তিনি নির্যাতনের শিকার হয়েছেন এবং এখন হাসপাতালে আছেন।'
এটা নিয়ে তার বাবা ২য় বারের মত অপহৃত হলেন। ২০১১ সালে তিনি ১ম অপহৃত হয়েছিলেন। মিকেল জানান, তিনি কেবল কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এটি আলোচনা করেন।নাইজেরিয়ান দলের কর্মকর্তা বা তার দলের কোনো সদস্যকে তিনি এ খবরটি জানাননি।
তিনি বলেন,'আমি মানসিকভাবে উদ্বিগ্ন ছিলাম। আমার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল যে আমি খেলবো কি না! আমি বিভ্রান্ত ছিলাম।আমার কি করা উচিত বুঝতে পারছিলাম না। কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয়েছে আমি ১৮ কোটি ৬০ লাখ নাইজেরিয়ানে মাথা নিচু করতে পারি না।'
তিনি আরও বলেন,'আমাকে জানানো হয়েছিল, আমি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করলে বা কাউকে বললে তারা আমার বাবাকে গুলি করে হত্যা করবে। আমি এমনকি কোচের সঙ্গেও আলোচনা করতে চাইনি। কারণ আমার সমস্যাটি এমন একটি গুরুত্বপূর্ণ দিনে। আমি দলকে বিভ্রান্ত করতে চাইনি'।
ইত্তেফাক/জিআর/নূহু
