আক্রমণাত্মক ব্যাটিংয়ে সিদ্ধহস্ত অ্যারন ফিঞ্চ। দেড়শো’র বেশি স্ট্রাইক রেটই বলে দেয় ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটটা বেশ উপভোগ করেন ৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ওপেনার। টি-টোয়েন্টিতে শেষ দুটি ইনিংসে ৮৪ ও অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছেন। টানা দুই ইনিংসে হাফ সেঞ্চুরির আত্মবিশ্বাসেই যেন গতকাল ব্যাট হাতে রুদ্রমূর্তিতে হাজির হলেন ফিঞ্চ। দুঃস্বপ্ন উপহার দিলেন জিম্বাবুয়ের বোলারদের। গড়লেন বিশ্বরেকর্ড।
হারারেতে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের ইনিংস খেলেছেন ফিঞ্চ। যা এই ফরম্যাটে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ১৬টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ১০টি ছক্কা। নিজের রেকর্ড ভেঙেই নতুন রেকর্ড গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেরা ১৫৬ রানের ইনিংসটিও ফিঞ্চই খেলেছেন, ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।
মারকাটারি ব্যাটিংয়ের প্রদর্শনী হওয়া ইনিংসে আরেকটি বিশ্ব রেকর্ড হয়েছে। ওপেনিংয়ে শর্টকে নিয়ে ২২৩ রানের জুটি গড়েছেন ফিঞ্চ। টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭১ রানের জুটি গড়েছিলেন নিউজিল্যান্ডের গাপটিল-উইলিয়ামসন ওপেনিংয়ে, পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬ সালে।
অধিনায়ক ফিঞ্চের দ্বিতীয় সেঞ্চুরিতে দুই উইকেটে ২২৯ রান করেছিল অস্ট্রেলিয়া। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে শর্ট আউট হন ৪২ বলে ৪৬ রান করে। এক বল পর ফিঞ্চও আউট হন। জবাবে ৯ উইকেটে ১২৯ রান করেছে জিম্বাবুয়ে। যার ফলে ১০০ রানের সহজ জয় পায় অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয়। এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল পাকিস্তান।
ইত্তেফাক/এএম
