ভারতে অমরনাথ যাত্রার পথে জম্মু-কাশ্মীরের বাল্টাল রুটে ভূমিধ্বসের ঘটনায় একজন নারীসহ কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, রাইলপাট্রি ও ব্রারিমার্গের মধ্যে বাল্টাল রুটে এক ভূমিধ্বসের ঘটনা ঘটে। ঘটনায় এক নারী ও চার পুরুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, হতাহতদের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহগুলো বাল্টালের বেস ক্যাম্প হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ভূমিধ্বসের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য ও উদ্ধারকারী দল। তৈরি থাকতে বলা হয়েছে মেডিক্যাল টিমকে।
গত কয়েক দিনে ক্রমাগত বর্ষণের কারণে জম্মু-কাশ্মীরে স্থগিত হয়েছে অমরনাথ যাত্রা। গত শুক্রবার থেকেই পহেলগাও ও বাল্টাল রুটে ধস নামা শুরু হয়েছে। যে কারণে অমরনাথ যাত্রা বন্ধ রাখতে হয়। আবহাওয়ার উন্নতি না-হওয়ায় অমরনাথ যাত্রা অব্যাহত রাখার অনুমোদন দিতে পারছে না প্রশাসন।
ইত্তেফাক/ জেআর
