পিরোজপুরে কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৪:৩৫
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালামের (৫৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার দুপুরে তার রাজারহাটস্থ ভাড়াটে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। তার বাড়ি বরগুনা জেলায়। 
 
কলেজের শিক্ষক সমিতির সম্পাদক কাজি জাহাঙ্গীর হোসেন জানান, আব্দুস সালাম সকালে কলেজে না আসায় এবং অধ্যক্ষসহ অন্যদের মোবাইল ফোন রিসিভ না করায় সন্দেহ হয়। পরে দুইজন শিক্ষক তার বাসায় খোঁজ নিতে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ পান। তখন দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে রান্না ঘরে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সহকর্মীরা তার মৃতদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেয়া হয়। 
 
সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্দুস সালাম আত্মহত্যা করেছেন। ওই শিক্ষকের স্ত্রী বরগুনা ও পিরোজপুরে থাকতেন। তার বড় ছেলে ঢাকায় চাকরি করেন। দুই জমজ মেয়ের একজন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আগামী ডিসেম্বর মাসে অবসরকালীন ছুটিতে যাওয়ার কথা ছিল তার।
 
ইত্তেফাক/ইউবি