প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেছেন, বঙ্গবন্ধু কিভাবে স্বাধীনতা এনেছিলেন এ সম্পর্কে বিস্তারিত জানেন না এই দেশের অধিকাংশ মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম থেকে উঠে এসে কোটি মানুষের নেতা হয়েছিলেন। এরজন্য তিনি যে মেধা ও কৌশল অবলম্বন করেছিলেন আজকের দিনে সেটা দৃষ্টান্ত। আমাদের পরের প্রজন্ম যারা নেতৃত্ব দেবেন বঙ্গবন্ধুর জীবনের এই প্রেক্ষাপটটি ভালো করে জানা দরকার। বঙ্গবন্ধু প্রথমত দেশকে ভালোবেসে ছিলেন, দ্বিতীয়ত এবং শেষ পর্যন্ত তিনি দেশকে ভালোবেসে ছিলেন।
পঞ্চগড় ইতিহাস সম্মিলনী কেন্দ্রের আয়োজনে শনিবার দুপুরে পঞ্চম জনবক্তৃতায় এসব কথা বলেন তিনি।
পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রিয় সিন্ধু তালুকদার, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রের যুগ্ন সম্পাদক চৌধূরী শহীদ কাদের প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
ইত্তেফাক/আরকেজি
