বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির (বিএমএসএস) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মুদ্রণ শিল্পের প্রতিনিধিত্বকারী এ বাণিজ্য সংগঠনটি আজ নির্বাচনের মাধ্যমে শহীদ সেরনীয়াবাতকে চেয়ারম্যান ও প্রকৌশলী মেহেদী হাসানকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে।
কমিটির অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, সেক্রেটারী মোঃ জহুরুল ইসলাম। অপর ভাইস চেয়ারম্যানবৃন্দ হচ্ছেন মোঃ ওয়াহিদুর রহমান টিপু (সিনিয়র ভাইস চেয়ারম্যান), মির্জা আলী আশরাফ কাশেম, আলহাজ্ব আব্দুর রহিম খন্দকার, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নুরুল ইসলাম খান।এর আগে বিপুল ভোটে পূর্ণপ্যানেলে জয়লাভ করে সম্মিলিত পরিষদ।
নির্বাচনে জয়লাভ প্রসঙ্গে দেশের অন্যতম প্রিন্টিং শিল্প উদ্যোক্তা অমিকন গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান বলেন, আমাদের এবারের নির্বাচনী প্রত্যয় ছিল প্রিন্টিং শিল্পকে রফতানীমুখর করার। নির্বাচনে বিপুল ভোটে সম্মিলিত পরিষদের জয়লাভ সেই প্রত্যয়ের প্রতিফলন ঘটেছে। আগামীতে গার্মেন্টসের পর প্রিন্টিং শিল্প খাত হবে বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম খাত। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
এই নির্বাচনে ৩৩টি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন সম্মিলিত পরিষদের ৩৩ জন ও ঐক্য পরিষদের ৩৭ জনসহ মোট ৭০ জন প্রার্থী। মতিঝিল এজিবি কলোনী কমিউনিটি সেন্টারে দুপুর ১২টা থেকে টানা ভোট গ্রহণ চলে।
ইত্তেফাক/নূহু
