বিশ্বকাপে বরাবরই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেনকে ফেভারিট দল মনে করা হয়। কিন্তু এবারের আসরে সময় যত গড়িয়েছে ধীরে ধীরে ছিটকে গেছে টুর্নামেন্টের ‘ফেভারিট তকমা’ নিয়ে খেলতে আসা দলগুলো। সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে জায়গা করে নিয়েছে বেলিজয়াম ও ফ্রান্স। ৩২ বছর পর আজ আবার সেমিফাইনাল খেলতে নামছে বেলজিয়াম। ’৮৬ বিশ্বকাপে বেলজিয়ামের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। আর এবার তাদের প্রতিপক্ষ ফ্রান্স। বাল্টিক সাগরের পাশে সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টায় ফাইনালে ওঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে ইউরোপের এই দুই প্রতিনিধি।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে (২-১) বিদায় করে দিয়ে বেলজিয়াম জায়গা করে নেয় সেমিফাইনালে। বেলজিয়ামের সঙ্গে দক্ষিণ আমেরিকার ফুটবলের অনেক পুরনো দ্বন্দ্ব। বেলজিয়াম বারবার ব্যর্থ হয়েছে এই দক্ষিণ আমেরিকার কারণে। এখন আর সে কথা বড় গলায় বলতে পারবে না দক্ষিণ আমেরিকা। ইতিহাসের পাতায় তাদের ব্যর্থতার যে খবর লেখা ছিল, সেটা পেছনে ঠেলে দিয়েছে একটা জয়। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম।
ইত্তেফাক/কেআই
