পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। দেশটির সিন্ধ প্রদেশে সোমবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
জ্যেষ্ঠ পুলিশ সুপার জাহিদ শাহ’কে উদ্ধৃত করে খবরে বলা হয়, সিন্ধ প্রদেশের মাতিয়ারি জেলায় একটি সেমি-ট্রেইলার ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটলে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
বাসটির আরোহীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। শাহ জানান, ঘটনাটি নিয়ে একটি তদন্ত চালু করা হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, পুলিশ ও উদ্ধারকারী দলগুলো হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো অনুসারে, দেশটিতে ২০১১ সাল থেকে প্রতি বছর প্রায় ৯ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বার্ষিক হারে প্রতি বছর গড়ে এসব দুর্ঘটনায় প্রাণ হারান ৪ হাজার ৫০০ মানুষ। ট্রাফিক পুলিশের ভাষ্যমতে, বেশিরভাগ দুর্ঘটনাই ঘটে মানুষের ভুলের কারণে।
ইত্তেফাক/ জেআর
